আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের একটি দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে দুর্গা প্রতিমাসহ বিভিন্ন প্রতিমার একাধিক অংশ ভাঙচুর করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, প্রায় শত বছরের পুরোনো ওই মন্দিরে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরির কাজ চলছিল। দুর্গা প্রতিমাসহ কয়েকটি প্রতিমার নির্মাণকাজ প্রায় শেষ হয়ে এসেছিল। এর মধ্যেই রাতের আঁধারে ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মির্জাপুর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভাঙচুরের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স